গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় জিয়াউর রহমান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের কেত্তারপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। জিয়াউর রহমান ওই গ্রামের মৃত ফারাজ উদ্দিন প্রধানের ছেলে।
মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন সুজা জানান, জিয়াউর স্থানীয় ঢোলভাঙ্গা বাজার এলাকায় রবির নেওয়ার্ক টাওয়ারে দেখা-শুনার চাকরি করতেন। সকালে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের উত্তর পাশে (বাড়ির নিকটে) হেলে পড়া একটি ইউক্লিপটাস গাছের সঙ্গে দড়িতে জিয়াউরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা।
পলাশবাড়ি থানার ওসি (তদন্ত) ফিরোজ কবির জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
