রাতের খাবার শেষে পরিবারের ৬ জন অসুস্থ

আপডেট : ০৪ মে ২০১৫, ১৭:২৪
পিরোজপুরের কাউখালী উপজেলায় রবিবার রাতের খাবার শেষে পরিবারের ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ওই পরিবারের সদস্যরা হলেন, শৈব্য সমদ্দার (৫০), মালা সমদ্দার (২০), দিপক সমদ্দার (২৬),পূণির্মা সমদ্দার(২২),দিলীপ সমদ্দার(৩০) ও বিপ্লব সমদ্দার(৩৫)।
 
জানা গেছে, উপজেলার গান্ডতা গ্রামের খানা বাড়ির বাসিন্দা এ পরিবারটি গত রবিবার রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাত দেড়টার দিকে পরিবারের একজন হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাকে সেবা-শুশ্রূষা করার সময় বাড়ির অন্যরাও পালাক্রমে অসুস্থ হতে থাকলে তাদের ডাকচিৎকার প্রতিবেশীরা এসে রাত দুইটার দিকে তাদেরকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
 
পরিবারের অভিযোগ, বাড়িতে চুরির করার জন্য অন্য কেউ গোপনে বাড়িতে ঢুকে রাতের খাবারে ঔষধ মিশিয়েছে।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান জানান, খাদ্যে বিষক্রিয়া থাকলে বমি ও পাতলা পায়খানা হতো কিন্ত এরা কোনটাতেই আক্রান্ত হননি।
 
উল্লেখ্য এর ১৬ দিন আগে কাউখালীর জয়কুল গ্রামের একটি বাড়িতে পরিবারের পাঁচজন রাতে খাবারের পর জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে কাউখালী উপজেলা জলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছিল।