নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যর্থ ---------------বিএনপি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২৩:০০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করছে সরকার। শুধু তাই নয়, প্রশাসনকেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে সরকার। দেশজুড়ে এখনও গায়েবি মামলা, গ্রেফতার, বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে নিপীড়ন অব্যাহত রয়েছে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন, পৃথিবীর কোনো দেশে শতভাগ স্বচ্ছ ও অবাধ নির্বাচন হয় না। আসন্ন নির্বাচন নিয়ে তাদের বক্তব্য এক আশঙ্কাজনক অশনি সংকেত। গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, পুলিশের বেপরোয়া আচরণ ও হয়রানিতে আবারও ‘ফেনী মার্কা’ নির্বাচনের আলামত পাওয়া যাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা ও গ্রেফতার পাহাড়ি ঢলের মতো ধেয়ে চলেছে দেশব্যাপী। পুলিশ কর্তৃক প্রিজাইডিং অফিসারদের নাম চাওয়া, বিএনপির কোনো লোক নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছে কি না ইত্যাদি তদারকি করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রিজভী বলেন, বিএনপি’র নেতা-কর্মীদের ওপর সীমাহীন জুলুমের পরও এখন দিনরাত বাড়িতে বাড়িতে হানা দিয়ে তল্লাশির নামে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের উপরও হামলা করছে, মারধর করছে, কিংবা পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে। 

আমার কোনো ফেসবুক একাউন্ট নেই

বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি যে, আমি বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনও ফেসবুক খুলিনি।