সিলেট নগরের আম্বরখানা এলাকায় প্রতারণা করে ১৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এসময় তার কাছ থেকে মরিচের গুঁড়ো ও চাকু উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারী খালেদ হাসান রবিউল (৩০) খুলনার হরিনটানা উপজেলার হামিদ নগর গ্রামের মৃত মাহমুদ হাসানের ছেলে। সে হাউজিং এস্টেটস্থ গ্লোব ফার্মাসিউটিক্যালসের সাবেক মেডিকেল প্রমোশন অফিসার।
ছিনতাইয়ের শিকার একই ফার্মাসিউটিকেলসের হিসাবরক্ষণ কর্মকর্তা আহমদ হোসেন জানান, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তিনি ১৪ লাখ ৪৭ হাজার ৫৩০ টাকা জমা দিতে আম্বরখানাস্থ ডাচ বাংলা ব্যংকে যান। সাবেক কর্মকর্তা খালেদ তার সাথে যান।
ব্যাংকের সিঁড়িতে উঠামাত্র খালেদ হোসেনকে টাকার ব্যাগটির ওজন বোঝার ছল করে তার হাত থেকে ব্যাগটি নেন। কিন্তু ব্যাগ হাতে নিয়েই সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় দৌঁড় শুরু করেন।
এ সময় আহমদ হোসেনের চিৎকারে আশপাশের লোকজন তার পিছু নেন এবং রাজারগলি এলাকায় গিয়ে তাকে আটক করেন।
পরে কোতোয়ালি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালেদকে থানায় নিয়ে যায়। কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালেদের বিরুদ্ধে ছিনতাই মামলার প্রস্তুতি চলছে।
