কুমিল্লা লাকসাম উপজেলার হামিরাবাগ এলাকায় ডাকাতিয়া নদীতে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। দুই ভাই আবদুল্লাহ (১২) ও আবদুর রহমান (৯) হামিরাবাগ এলাকার কাজী অহিদুর রহমানের পুত্র। সন্ধ্যায় তাদেরকে হামিরাবাগ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামিরাবাগ গ্রামের কাজী অহিদুর রহমান পরিবার নিয়ে ঢাকায় বসবাস করে ব্যবসায় করছেন। গত মঙ্গলবার আবদুল্লাহ ও আবদুর রহমান ঢাকা থেকে হামিরাবাগ গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুরে শিশুদের সঙ্গে ওই দুই ভাই বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। এ সময় তারা পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের মৃত ঘোষণা করেন।
