রাজনৈতিক অস্থিরতায় মোবাইল সেক্টরের রাজস্ব কমেছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি। তার মতে, রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি তীব্র প্রতিযোগিতার কারণেও রাজস্ব কমে যাচ্ছে। সোমবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে গ্রামীণফোনের প্রথম প্রান্তিকের আর্থিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চলতি বছরের প্রথম প্রান্তিকে দুই হাজার পাঁচশ বিশ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন। যা গত বছরের একই সময়ের তুলনায় এক শতাংশ বেশি। তবে ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় রাজস্ব কমেছে ২.৯ শতাংশ।
রাজীব শেঠি বলেন, এ বছর পাঁচ লাখ গ্রাহক বৃদ্ধি পেয়ে গ্রামীণফোনের মোট গ্রাহক পাঁচ কোটি বিশ লাখে দাঁড়িয়েছে। ট্যাক্স দেয়ার পর নিট মুনাফা হয়েছে ২১.৩ মার্জিনসহ পাঁচশ চল্লিশ কোটি টাকা।
শেঠি বলেন, নেটওর্য়াকে ধারণক্ষমতা ও সক্ষমতা উন্নয়নে বিনিয়োগ করা হয়েছে আরও ৩৭০ কোটি টাকা। ডাটা গ্রাহকের সংখ্যা হয়েছে ১ কোটি ১০ লক্ষ ৮০ হাজার এবং সেই সাথে ডাটা ব্যাবহার আশাব্যঞ্জকভাবে বেড়েছে।
গ্রামীণফোনের সিইও বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা আর প্রবল প্রতিযোগিতার কারণে বছরের শুরুটা ভালো হয়নি। তবে আমরা স্রোতের বিপরীতে দৃঢ়ভাবে এগিয়ে গেছি এবং প্রান্তিকের শেষ দিকে ব্যবসার উন্নতি দেখা গেছে।’
গ্রামীণফোনের সিএফও দিলীপ পাল বলেন, ‘দূরদর্শী তৃণমূল পর্যায়ে দক্ষতা বৃদ্ধি উদ্যোগের ফলে এই প্রান্তিকে আমরা মুনাফা প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছি। অধিকতর বিনিয়োগ হলেও আমাদের ক্যাশ ফ্লোর অবস্থান ভালো ছিল।’
