খালার কাছে সততা, সাম্যের মূল্যবোধ শিখেছি: টিউলিপ

আপডেট : ০৫ মে ২০১৫, ১১:২৩

ব্রিটেনে সাধারণ নির্বাচন ৭ মে। লেবার পার্টির প্রার্থী হয়ে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে দম ফেলার সময় নেই তার। টিউলিপের বক্তব্য, পরিবর্তন আনার জন্যই আমি রাজনীতিতে এসেছি। খালার কাছ থেকে আমি সততা, সামাজিক ন্যায় ও সাম্যের মূল্যবোধ শিখেছি। গত রবিবার আনন্দবাজার পত্রিকায় টিউলিপকে নিয়ে করা এক সচিত্র প্রতিবেদনে এসব বলা হয়েছে।

 
প্রতিবেদনে বলা হয়, ৩২ বছর বয়সী মিতভাষী টিউলিপ বক্তৃতা করছেন, সামলাচ্ছেন সাংবাদিকদের প্রশ্নবাণও। বয়স অল্প হলেও রাজনীতিতে নতুন নন তিনি। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে পাসের পর লেবার নেতা মিলিব্যান্ডের সহযোগী হিসাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কাজ করেছেন। ২০১০ সালে লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর নির্বাচিত হন। এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন পেয়েছিলেন গত বছরই।
 

বর্তমানে স্বামীর সঙ্গে পশ্চিম হ্যামস্টেডে থাকেন টিউলিপ। স্থানীয় মানুষদের সমস্যা, অভাব-অভিযোগ তার অজানা নয় বলে সব সময়ই দাবি করে এসেছেন তিনি। তবে তার সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ। এত দিন পর্যন্ত হ্যাম্পস্টেড থেকে লেবার পার্টির হয়ে লড়তেন অস্কার-জয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন। গ্লেন্ডার ছেড়ে যাওয়া আসনেই এবার লড়তে হবে টিউলিপকে। নির্বাচনী লড়াইয়ে গ্লেন্ডা তাকে পূর্ণ সমর্থন করছেন।