বিশ্বে মা হওয়ার সবচেয়ে ভাল জায়গা নরওয়ে। জাতিসংঘের সেভ দ্য চিলড্রেন সোমবার এই বিষয়ে তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। খবর: এএফপির।
রিপোর্ট অনুযায়ী, বিশ্বে মা হওয়ার সবচেয়ে খারাপ জায়গা সোমালিয়া। এর পরপরই রয়েছে গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও মধ্য আফ্রিকা।
সেভ দ্য চিলড্রেনের ১৬তম বার্ষিক মাদার্স ইনডেক্সে মায়ের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও নারীর অবস্থান সম্পর্কিত পাঁচটি নির্দেশকের ওপর ভিত্তি করে ১৭৯টি দেশের এই হার প্রকাশ করা হয়।
চলতি বছর যুক্তরাষ্ট্রের অবস্থান ৩১ থেকে নেমে ৩৩-এ এসেছে। প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় এক হাজার ৮০০ নারীর মধ্যে একজন নারী সন্তান জন্ম দেয়ার সময় মৃত্যু ঝুঁকিতে থাকেন। একজন পোলিশ নারীর চেয়ে একজন আমেরিকান নারী ১০ গুণ বেশি মৃত্যু ঝুঁকিতে থাকেন।
ফ্রান্স ও ব্রিটেনের অবস্থান যথাক্রমে ২৩ ও ২৪তম। কানাডার অবস্থান ২০তম। সবচেয়ে খারাপ ১০ দেশের সবকটি সাব-সাহারান আফ্রিকান দেশ।
