ভুল গাড়ি চালনা শুধরাবে ‘স্মার্ট কার’

আপডেট : ০৫ মে ২০১৫, ১৯:১০
গাড়ি চালানোর সময় চালকদের ভুল শুধরাতে ‘স্মার্ট কার’ নামে একটি যন্ত্র উদ্ভাবন করলেন ভারতীয় বিজ্ঞানীরা।
 
জিনিউজ’র খবরে বলা হয়েছে, কর্নেল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আশুতোষ সাক্সেনার ‘স্মার্ট কার’ যন্ত্রটিতে আপলোড করা অ্যালগরিদম কম্পিউটার তাৎক্ষণিক নির্দেশনা দিবে- গাড়ি চালানোর সময় চালকরা কোনও ভুল করছেন কিনা। চালকের মাথা নাড়ার ধরন-প্রকৃতির পাশাপাশি সামনের রাস্তা অনুসরণ করে ‘স্মার্ট কার’ আলগারিদমের করা কর্মপ্রক্রিয়া কয়েক সেকেন্ড আগেই কম্পিউটারকে জানান দিবে চালক কোনও ভুল করতে চলেছেন কিনা।
 
সাক্সেনা জানান, এর আগেও একই রকম ডিভাইস ছিল যা গাড়ির বাইরে থেকে কাজ করতো। কিন্তু বর্তমান যন্ত্রটি করবে গাড়ির ভিতর থেকে।
 
ভয়ানক দুর্ঘটনায় সম্মুখীন হওয়ার আগেই র‌্যাডার ও ক্যামেরার সাহায্যে অন্যান্য গাড়ির গতিবিধি লক্ষ্যে রেখে লাইট, সাউন্ড বা ভাইব্রেশনের মাধ্যমে চালকদের সতর্ক করে দেবে এই যন্ত্র। শুধু তাই নয়, বেআইনিভাবে গাড়ি চালালে স্ট্রিট ম্যাপ ও জিপিএস ইনফরমেশন সিস্টেমের সাহায্যে 'ইললিগাল টার্ন' মেসেজও দেবে এই কম্পিউটার। এই প্রক্রিয়া তৈরি করার জন্য সাক্সেনা ও তার সহকর্মীরা টানা দুই মাস ধরে ১,১৮০ মাইল রাস্তার ওপর ১০ জন চালকের ভিডিও রেকর্ড করেন।
 
যন্ত্রের প্রক্রিয়াটি রোমে ২০১৫ রোবোটিক সায়েন্স অ্যান্ড সিস্টেম কনফারেন্সে প্রদর্শন করা হবে।