গাজীপুরে দুই ব্যক্তিকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠানোর সময় ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়িস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালি থানার দুর্গাপুর গ্রামের জহিরুল ইসলাম (৩৫) ও গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার মোহাম্মদ সোহাগ (৩৯) ।
জয়দেবপুর থানার এসআই এনামুল হক জানান, দুপুর দুইটার দিকে ওই স্থানে জহিরুল ও সোহাগ নামের দুই ব্যক্তি নিজেদের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভোগড়া এলাকার বাসিন্দা রফিকুল (৩০) ও ছালামকে (৫০) ধরে জোরপূর্বক একটি মাইক্রেবাসে উঠানোর চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজনের সন্দেহ হলে ওই দুইজনকে উদ্ধার করে ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
