‘বিএনপি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে কথা বলার অধিকার হারিয়েছে’

আপডেট : ০৬ মে ২০১৫, ১৬:৪৬
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের মাত্র তিন ঘণ্টার মধ্যে নির্বাচন বর্জন করে বিএনপি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে কথা বলার অধিকার হারিয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। খবর: বাসসের।
 
হাছান মাহমুদ বলেন, বিএনপি আট ঘণ্টার খেলায় তিন ঘণ্টা খেলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। ক্রিকেটে ৫০ ওভারের খেলায় ১০ ওভার খেলে যদি কেউ বলে আবহাওয়া খারাপ, মাঠ ভেজা, আর খেলবো না, তাহলে তাদের হারা জেতার প্রশ্ন তোলার কোন সুযোগ থাকে না। বেগম খালেদা জিয়াও তেমনি নির্বাচনের দিন প্রথম তিন ঘণ্টা খেলেই নির্বাচন বর্জন করেছেন। যেহেতু তিনি পুরোটা সময় খেলেননি, তাই নির্বাচনের সুষ্ঠুতা-অসুষ্ঠুতা নিয়ে কথা বলার অধিকার তার নেই।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি নির্বাচনে ছিলেন না, আপনি কি করে বলবেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি। যদি আপনি পুরোটা সময় নির্বাচনে অংশ নিতেন- তাহলে আপনি একথা বলতে পারতেন।
 
সম্প্রতি খালেদা জিয়ার জেলা সফর প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, আপনি জেলায় জেলায় গিয়ে দল গোছাবেন- সেটা খুবই ভালো কথা। কিন্তু দল গোছানোর নামে যদি আপনি আবার সন্ত্রাস সৃষ্টি করেন, তাহলে আপনাকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
 
শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার এমপি’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ এই স্মরণ সভার আয়োজন করে।