বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য লুকিয়ে আছে পোড়ামাটির ফলকে। তৃণমূল পর্যায়ে গবেষণার মাধ্যমে আমাদের ইতিহাস ঐতিহ্যকে বের করে আনতে হবে। তাহলে একটি গৌরবময় জাতি হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন দেশের জাদুঘর বিশেষজ্ঞ ও ইতিহাসবিদগণ।
মঙ্গলবার জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত ‘পোড়ামাটির ফলকে প্রতিফলিত প্রাচীন বাংলার জনজীবন’ শীর্ষক সেমিনারে তারা এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ড. এনামুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবদুল মমিন চৌধুরী। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের উপ-কীপার ড. নীরু শামসুন্নাহার।
বক্তারা বলেন, দূর অতীতে শিল্পীদের হাতের ছোঁয়ায় পোড়ামাটির ফলকে জনজীবনের যে চিত্র ফুটে উঠেছে তা তুলে ধরা হয়েছে এই সেমিনারে।
