সাভারের আশুলিয়ায় অপহৃত ব্যবসায়ী আমির হোসেনকে (২৮) ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের তিনজনকে আটক করা হয়েছে। অপহরণকারী চক্রের অপর ছয়জনকে গ্রেফতারে ডিবি পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হাসানুজ্জামান ওরফে সজীব (২২) কালুখালি, রাজবাড়ি, মো. রাসেল হোসেন (২৩) দৌলতপুর, মানিকগঞ্জ, আল-আমিন (১৮) ধামরাই, ঢাকা।
উদ্ধার হওয়ার আগে ব্যবসায়ীর হাত পা বাঁধা অবস্থায় ৫০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে তার পরিবারের কাছে একটি ভিডিও বার্তাও পাঠায় অপহরণকারী চক্রটি।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে ব্যবসায়ী আমির হোসেন ব্যবসার কাজে বাইপাইল থেকে রিকশায় করে নবীনগর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পলাশবাড়ি এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার রিকশার গতিরোধ করে তাকে জোরপূর্বক ওই গাড়িতে উঠিয়ে নিয়ে যায় অপহরণকারীরা।
এ ঘটনার পরপরই ব্যবসায়ীর বড় ভাই জালাল আহমেদ আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওইদিন বিকাল পাঁচটায় অপহরণকারী চক্র অপহৃত ব্যবসায়ীর পিতা ও স্ত্রীকে মোবাইলে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ও আশুলিয়া সিটি সেন্টারের সামনে একটি নির্দিষ্ট স্থান থেকে একটি ব্যাগ সংগ্রহ করতে বলে। আমিরের পরিবারের লোকজন ওই স্থান থেকে ব্যাগটি সংগ্রহ করে এর ভেতর একটি মেমোরি কার্ড দেখতে পান। মেমোরি কার্ড নিয়ে তারা পুলিশের কাছে গেলে পুলিশ একটি ভিডিও চিত্র আবিষ্কার করেন। ধারন করা ভিডিওটিতে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি পূরণ না করলে আমির হোসেনকে হত্যা করা হবে বলে ভিডিওতে হুমকি দেয়া হয়।
এ সময় ভিডিওতে আমির হোসেনকে হাত পা বাঁধা অবস্থায় একটি অন্ধকার রুমে আটকে থাকতে দেখা যায়। এ ঘটনার পর পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি উদ্ধার অভিযানে নামে।
বুধবার সকাল নয়টার দিকে ডিবি পুলিশ আশুলিয়ার পলাশবাড়ির বাতালটেক এলাকার জনৈক কাজিমুদ্দিনের নির্মাণাধীন ভবন থেকে হাত পা বাঁধা অবস্থায় ব্যবসায়ী আমিরকে উদ্ধার করে ও অপহরণকারী চক্রের তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি ধারালো চাকু।
