চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম হয়েছে ৪ হাজার ৫৪৬ কোটি টাকা। এ সময়ে ৯৭ হাজার ২৭৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯২ হাজার ৭২৯ কোটি টাকা। অবশ্য মাসের শুরুতে রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাথমিক হিসাবে এ ঘাটতির পরিমাণ ছিল আরো বেশি।
অর্থবছরের অবশিষ্ট তিন মাসে রাজস্ব ঘাটতি আরো বাড়ার আশঙ্কা রয়েছে। মূলত সাম্প্র্রতিক রাজনৈতিক সহিংতায় ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হওয়ায় ভ্যাট ও আয়কর আদায় কমে গেছে। পরিস্থিতি আঁচ করে সরকার রাজস্ব লক্ষ্যমাত্রা প্রায় ১৫ হাজার কোটি টাকা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা করতে যাচ্ছে। অবশ্য অর্থমন্ত্রণালয় বা এনবিআর এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি।
এনবিআর থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে—গত ৯ মাসে শুল্ক আদায় লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সমর্থ হলেও আয়কর ও ভ্যাট আদায়ে বড় ঘাটতি হয়েছে। আলোচ্য সময়ে ৩৮ হাজার ৭০৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ভ্যাট আদায় হয়েছে ৩৫ হাজার ১১৫ কোটি টাকা। ৩২ হাজার ৩৩৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয়কর আদায় হয়েছে ৩০ হাজার ১৭ কোটি টাকা।
অন্য দিকে, ২৫ হাজার ৫৪১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে শুল্ক আদায় হয়েছে ২৬ হাজার ৯৭৭ কোটি টাকা। এ সময় শুল্ক, ভ্যাট ও আয়কর আদায় বেড়েছে যথাক্রমে প্রায় ১৭ শতাংশ, ১৪ ও ১৯ শতাংশ। এ ছাড়া, ভ্রমণ কর থেকে এসেছে ৬২০ কোটি টাকা। ৩৪ শতাংশ প্রবৃদ্ধি হলেও ভ্রমণ কর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।
