নাশকতা ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে দায়েরকৃত তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী। এ
কইসঙ্গে তাদেরকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে আদালত। এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি নেতাদের জামিন মঞ্জুর করা হয়েছে।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে গত ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজিরা দেওয়াকে কেন্দ্র করে সরকার ও বিরোধী সমর্থক নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় চকবাজার ও শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ।
এই মামলায় কারাগারে আছেন শমসের মবিন। তার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মাসুদ রানা। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে। এর ফলে শমসের মবিনের কারামুক্তিতে আইনগত কোন বাধা নেই বলে জানান তার আইনজীবী।
এদিকে নাশকতার ঘটনায় তুরাগ থানায় করা একটি মামলায় জামিন চান গয়েশ্বর চন্দ্র রায়। তার পক্ষে আইনজীবী নিতাই চন্দ্র রায় শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। তবে আরো মামলা থানায় এখনই কারামুক্তি পাচ্ছেন না গয়েশ্বর।
