বিএনপি নয়, আওয়ামী লীগই আসল জাতীয়তাবাদী দল : জয়

আপডেট : ০৬ মে ২০১৫, ২১:৪৪
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, 'বিএনপি জাতীয়তাবাদী দল নয়, আওয়ামী লীগই দেশের আসল জাতীয়তাবাদী দল'। তিনি প্রশ্ন করেন বলেন, 'যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা দিয়ে যারা মন্ত্রী বানাতে পারে সেই দল কি জাতীয়তাবাদী দল হতে পারে?'
 
বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস ও ষড়যন্ত্র বনাম উন্নয়ন ও গণতন্ত্র’ শীর্ষক এস সেমিনারে জয় এসব কথা বলেন।
 
সেমিনারে বক্তব্য রাখেন সুচিন্তা ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ এ আরাফাত, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, শোলাকিয়া ঈদগাঁহ মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক ও সাঈদ খোকনও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
 
ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকার দুই মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেমিনারে গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের আন্দোলনে চলা সহিংসতার ওপর 'সহিংসতার দিনলিপি' নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
 
সজীব ওয়াজেদ জয় বলেন, স্বাধীনতা, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করে যে দল, যুদ্ধাপরাধীদের-সন্ত্রাসীদের বিচার করছে যে দল, সেই দলই হচ্ছে আসল জাতীয়তাবাদী দল। বাংলাদেশের আসল জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বিএনপি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অভিযোগ করে সজীব ওয়াজেদ জয় বলেন, এ দলটি দেশে-বিদেশে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। আমি যেখানে থাকি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আমাকে অপহরণ করে হত্যার জন্য এক বিএনপি নেতার ছেলে ষড়যন্ত্র করেছিল। সে কারণে বিএনপি নেতার সেই ছেলে এখন কারাগারে রয়েছে।
 
জয় বলেন, 'আওয়ামী লীগের পক্ষে কথা বলতে অনেকে লজ্জা পান, জয় বাংলা বলতে লজ্জা পান। এটা খুবই লজ্জার বিষয়। জয় বাংলা শ্লোগান শুধু আওয়ামী লীগের না, এটা আমাদের বাংলাদেশের শ্লোগান। যে ব্যক্তি জয় বাংলা বলতে লজ্জা পাবে, আমি বলবো সে বাঙালি না, বাঙালি হতে পারে না।'
 
কিছু গণমাধ্যমের কড়া সমালোচনা করে জয় বলেন, খবরের কাগজ যদি হয়ে থাকে তাহলে তাহলে সঠিক খবরটি দিতে হবে। সেটা সরকারের পক্ষে যাক আর বিপক্ষে যাক। এ বিষয়ে একটি সংবাদপত্রের একটি প্রতিবেদনের উদাহরণ দিয়ে জয় বলেন, নির্বাচনের এক সপ্তাহ পর চল্লিশটি নালিশ এসেছে নির্বাচন কমিশনে। খবরটি পড়ে আমি বললাম, এটা তো সুখবর। কারণ যদি হিসাব করি, চল্লিশটি নালিশ যদি চল্লিশটি ভোটকেন্দ্র থেকে আসে। তাহলে মোট দেড় শতাংশ ভোট কেন্দ্র থেকে নালিশ এসেছে। তার মানে আমাদের ২৭০১ টি কেন্দ্রের মধ্যে ২৬৬০টি কেন্দ্রে সুন্দর ভোট পড়েছে। সেখানে কোন কারচুপি হয়নি।