তথ্যপ্রযুক্তির ঈর্ষণীয় অগ্রগতির সাথে সাধারণত তরুণদের সম্পৃক্ততা একটু বেশিই লক্ষ্য করা যায়। তাই তরুণদের লক্ষ্য করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তত্পরতাও চোখে পড়ার মতো। প্রবীণরাও প্রযুক্তির এমন উত্কর্ষের যুগে পিছিয়ে নেই। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও তাদের দিকে নজর রেখে বিশেষ বিশেষ গ্যাজেট বা অ্যাপস তৈরিতে বেশ মনোযোগী হয়ে উঠছে। এর ধারাবাহিকতায় এবারে প্রযুক্তিবিশ্বের শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠান আইবিএম এবং অ্যাপল সম্পূর্ণ ভিন্নমাত্রায় কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে।
প্রবীণদের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলতে এই দুই কোম্পানি যৌথ উদ্যোগে তৈরি করতে যাচ্ছে বিশেষ ধরনের আইপ্যাড। এসব আইপ্যাডের বিশেষত্ব হলো এগুলোতে থাকবে বিশেষ বিশেষ অ্যাপস যেগুলো প্রবীণদের দৈনন্দিন জীবনের নানা কাজের সহায়ক হিসেবে কাজ করবে। মূলত তিন ধরনের কাজে সহায়তা করার উদ্দেশ্যে এসব অ্যাপস তৈরি করা হবে। এগুলো হলো—শারীরিক সুস্থতার মনিটরিং, ওষুধ সেবন ও ডাক্তারদের সাথে সাক্ষাতের সময় স্মরণ করিয়ে দেওয়া এবং হোম কেয়ার সার্ভিসের সাথে তাদের সংযুক্ত রাখা। জাপানের রাষ্ট্রায়ত্ত্ব জীবনবিমা, ব্যাংকিং ও ডাক সেবা জাপান পোস্টের সহায়তায় আইবিএম ও অ্যাপলের তৈরি এসব আইপ্যাডের যাত্রা শুরু হবে জাপানে। প্রবীণদের কাছে বিশেষ আইপ্যাডগুলো পৌঁছে দেওয়ার পাশাপাশি এর সঠিক ব্যবহার নিয়ে প্রশিক্ষণও প্রদান করবে জাপান পোস্ট।
আইবিএমের সিইও জিনি রমিট্টি জানিয়েছেন, অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা হবে যাতে করে বয়স্করা খুব সহজেই এগুলো চালনা করতে পারেন। বয়স্কদের জীবনধারার সাথে যাতে এই আইপ্যাড খাপ খাইয়ে নিতে পারে, সেজন্য এতে আইবিএমের মেশিন-লার্নিং কম্পিউটার ওয়াটসনকেও ব্যবহার করা হবে। নতুন এই উদ্যোগ প্রসঙ্গে অ্যাপল সিইও টিম কুক বলেন, ‘আমাদের তিন প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগ শত-সহস্র মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। জাপানে এই কার্যক্রম শুরু হলেও খুব দ্রুতই এটি আরও অনেক দেশে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি।’
