‘খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

আপডেট : ০৭ মে ২০১৫, ১৯:৫৭
 
 
 
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় চার্জশিট দেয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে—একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের মামলা নেহাতই অসত্ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
 
বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রতিক্রিয়ায় আরো বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এ ধরনের চার্জশিটে দলটি বিস্মিত। দেশবাসীও এতে হতবাক হয়েছে। কারণ, বিএনপি আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের সাথে কার্যকর সংলাপ সমঝোতার পথকেই উত্সাহিত করছে, দেশ-বিদেশের বন্ধুরাও বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধীদলের মধ্যে কনফিডেন্স বিল্ডিং মেজারের পরামর্শ দিয়েছেন, অথচ এর বিপরীতে শাসকগোষ্ঠী হিংসার বশবর্তী হয়ে বিরোধীদলকে নির্মূল করার ভুল পথে অগ্রসর হচ্ছে, যার নিন্দা জানানোর ভাষাও নেই বিএনপির।’