নেই কোন বই আমার

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৯:৪৯

গল্প লিখি কাব্য লিখি

লিখি অনেক ছড়া

লিখে লিখে রাখি সে সব

পাণ্ডুলিপি করা।

 

শেয়ার করি ফেবুতে দিই

ভালো লাগাগুলো

পাণ্ডুলিপির উপর এখন

বেশ জমেছে ধুলো!

 

মাঝে মাঝে পেপারে দিই

ছাপে দু-চার খানা

সেলফে রাখা লিপিতে দেয়

নেংটি ইঁদুর হানা।

 

দিনে দিনে বাড়তাছে রেট

ক্যাঙারুরই লাফে

ছাপাইনি বই খরচ দেখে

পিলে আমার কাঁপে!

 

আসবে সুদিন বই ছাপাব

অপেক্ষাতেই আছি

আমার পাণ্ডুলিপির দিকেও

তাকায় না আর মাছি।

 

আবার ভাবি যা লিখেছি

পড়বে না তা পাঠক

বই ছাপিয়ে করারও নেই

ইচ্ছে অতি নাটক।

 

বই না থাকায় ব্যঙ্গ শুনি

খাই সকলের গালি

আমার কোর নাই ‘বাহে!’ বই

আমি (কবি) কদম আলী।