বই ব্যবহার

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৯:৪৯

বইয়ের অনেক হয় ব্যবহার পড়া ছাড়াও কাজে

কিছু মজার, হাস্যরসের আবার কিছু বাজে

বই কেনে কেউ কেউবা গছায় সস্তায়, অনেক কমে

কেনার পরে শেলফের ওপর স্তূপও যায় জমে

যেমন ধরুন পড়তে বসে মোবাইল চালায় চুপে

আসলে কেহ আড়াল করে পাতারই স্তূপে

একটি পাতাও পড়েনি যার কসম কাটার বেলায়

হাতের কাছের বই ছুঁয়ে কেউ প্রমিজ করে হেলায়!

ভাঁজ হয়েছে হাতের টাকা যায় না কোথাও রাখা

বইয়ের ভিতর রেখেই করে ইস্ত্রি সেই টাকা

ফুল দিয়েছে প্রিয়জনে, স্মৃতি করে রাখায়

রোমান্সটাকে পাতায় ধরে বিশ্বাসী কেউ থাকায়

পড়লে গরম অস্থিরতায় বইকে হাতে ধরে

পাতলা বইয়ে রুখতে গরম জোরসে বাতাস করে

চায়ের কাপ আর গ্লাসের ওপর বইকেও যায় দেখা

প্যাডের পাতা বইয়ের উপর সাঁটিয়ে হয় লেখা

ঘটা করে বই কেনে কেউ, ঝোঁকের মাথায় ভুলে

সাজিয়ে রাখে অহংবোধে, শেলফে রাখে তুলে

পাতা কেটেও বহুমুখী ব্যবহার এর আছে

কত্ত কাজেই লাগায়, গেলে ভাঙ্গারিদের কাছে।