ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার উপজেলার শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, সরাইল থানার এসআই শফিকুল ইসলাম, এসআই মশিউর রহমান, এএসআই শাহ্জাহান, কনস্টেবল আলাউদ্দিন ও শহীদুল। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় সাধু মিয়া (৩৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মনা মিয়া ও স্থানীয় দুই দোকানী জানান, শুক্রবার ভোররাতে পুলিশের একটি দল মামলার আসামি গ্রেফতারে শাহজাদাপুর ইউনিয়নের শাহ্জাদাপুর গ্রামে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ গোলাপ মিয়া, আইয়ূব খান, সামার আলী, রেজন মিয়া ও জহির মিয়াকে গ্রেফতার করে। থানায় নিয়ে আসার সময় একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালিয়ে ওই আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ১৮ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় পাঁচ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গ্রেফতার আতঙ্কে আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছাধু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাই হওয়া আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
