সাতক্ষীরার আশাশুনিতে সাঈদী মুক্তি মঞ্চের উদ্যোক্তা ও জামায়াতের রোকন মুক্তার হোসেন গাজীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে আশাশুনি উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুক্তার হোসেন গাজী আশাশুনি উপজেলার প্রতাপনগর মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষক।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, সাঈদী মুক্তি মঞ্চের উদ্যোক্তা মুক্তার হোসেন গাজীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে আশাশুনি থানায় একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায়ে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর প্রতাপনগরে মুক্তার হোসেন গাজীর নেতৃত্বে গড়ে ওঠে সাঈদী মুক্তি মঞ্চ।
