ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই: আনিসুল হক

আপডেট : ০৮ মে ২০১৫, ১৭:৩৫
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, নাগরিক সুবিধা বৃদ্ধি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আগামী পাঁচ বছরে অধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। দায়িত্ব নিয়েই আমি পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান শুরু করবো। ঢাকা উত্তরকে নাগরিকদের বাসযোগ্য করে গড়ে তুলবো।
 
শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধুর সমাধিতে আজ আসতে পেরেছি। তাই আজকের দিনটি আমার জন্য আনন্দে উদ্বেলিত হওয়ার দিন। দিনটি আমার জীবনের শ্রেষ্ঠ দিন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমাকে মেয়র প্রার্থী করায় আমি মেয়র নির্বাচিত হয়েছি। যে প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আগামী পাঁচ বছর কাজ করে আমি সে প্রত্যাশা পুরণ করতে চেষ্টা করবো। নাগরিক সুবিধা নিশ্চিত করবো।
 
শুক্রবার বিকেল তিনটায় আনিসুল হক টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।  বেদীর পাশে তিনি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন ও ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
 
এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।