টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ তিন মানবপাচারকারী নিহত

আপডেট : ০৯ মে ২০১৫, ০১:২৮

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকত এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মানবপাচারকারী চক্রের তিন সদস্য নিহত হয়েছে। এরা হলেন শাহপরীরদ্বীপ বাজার পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে ধুলু হোসেন (৫৫), সাবরাং কাটাবনিয়ার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও হারিয়াখালীর কবির আহমদের ছেলে জাফর আলম (২৫)।

 
পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মানবপাচারকারী এবং তাদের বিরুদ্ধে একাধিক মানব পাচারের মামলাও রয়েছে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, গতকাল শুক্রবার ভোর রাতে অস্ত্র মহড়া দিয়ে মহেষখালী পাড়ার সৈকত সাগর পথে মানব পাচারের গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারিরা পুলিশের উপর লক্ষ্য করে ২০/২৫টি গুলিবর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে প্রায় ৩০টি গুলি ছুঁড়ে। পরে পাচারকারীর অন্য সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মানব পাচাকারী ধুলু হোসেন, জাফর আলম ও জাহাঙ্গীর আলমকে  গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে। তাদের নিয়ে গেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিত্সক নুরুল আলম দ্বীন মৃত ঘোষণা করেন । এ ঘটনায় তিনিসহ (ওসি), পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ও কনস্টেবল আব্দুল বারি আহত হয়েছেন। তারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
 

ওসি আরও জানান, ধুলু হোসেনের বিরুদ্ধে ২০টি, জাহাঙ্গীরের বিরুদ্ধে আটটি ও জাফরের বিরুদ্ধে দুটি মানবপাচারের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় এলজি, ১০টি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ।