অবহেলিত বরিশালে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে: আমু

আপডেট : ০৯ মে ২০১৫, ১২:২৪

জাতীয় শিল্পনীতি ২০১৫-এর খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভা গতকাল শুক্রবার সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বরিশাল চেম্বার অব কমার্স ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ ছাড়াও এ বিভাগের ৬ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও তরুণ উদ্যোক্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। তারা অবহেলিত বরিশাল অঞ্চলের শিল্প বিকাশে মতামত তুলে ধরেন।

 
সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বরিশাল বিভাগ সবসময়ই অবহেলিত ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ শুরু করেছে। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতুর কাজ পুরোদমে এগিয়ে চলেছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে ঘিরে পায়রা নৌবন্দর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। এ নৌবন্দর হবে বিশ্বের সেরা নৌবন্দর।
 
তিনি বরিশালের শিল্প বিকাশ সম্পর্কে ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পুরনো ব্যবসায়ীদের পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বরিশাল বিসিক শিল্প নগরীকে আধুনিক রূপ দিতে আসছে বাজেটে ৪০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
 
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার এ বরাদ্দ থেকে বরিশালবাসীকে বঞ্চিত করবে না। অবহেলিত বরিশালে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।
 
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেন চন্দ্র দাস, বিভাগীয় কমিশনার মোঃ গাউস, যুগ্ম সচিব ইয়াসমিন সুলতানা, মিসরের রাষ্ট্রদূত এইচ ই মাহমুদ ইজ্জার, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহম্মেদ, ডায়মন্ড গ্রুপের চেয়ারম্যান দীলিপ আগারওয়াল ও মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ সলিমুল্লাহ।
 

দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম, মেট্রো পলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নিজামুল ইসলাম নিজাম, সহ-সভাপতি জাহাঙ্গির হোসেন মানিক, জীবন কৃষ্ণ দে-সহ বরিশাল অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ীরা।