বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ কারাবন্দী নেতাদের মুক্তির জন্য জোরালো আইনী লড়াইয়ের জন্য দলের আইনজীবীদের তাগিদ দিয়েছেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২৮ এপ্রিল তিন সিটিতে নির্বাচনের পর বেগম খালেদা জিয়া আইনজীবীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।
তিনি আইনজীবীদের বলেছেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছে। বিজয়ের জন্য ধৈর্য ধরতে হবে। নেতাদের মুক্ত করতে হবে। তারা বের হলে আলোচনা করে কর্মসূচি দেয়া হবে। তিনি ‘আর্দশ ঢাকা আন্দোলন ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে দলের করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ এসেছে। বৈঠকগুলোতে কারাবন্দী নেতাদের মুক্তির বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে বলে জানান কয়েকজন নেতা।
দলের একজন সিনিয়র আইনজীবী ইত্তেফাককে জানান, বেগম খালেদা জিয়া নেতাদের মুক্ত করার জন্য সিনিয়র আইনজীবীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে সিনিয়র ও অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয় করে কাজ করতে বলেছেন তিনি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, আবদুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক আবদুল মান্নান, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, মাহবুবুল হক নান্নু, সাবেক ছাত্রনেতা আবদুল মতিন প্রমুখ কারাগারে রয়েছেন। রোগ-শোকের পাশাপাশি প্রচণ্ড গরমে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন নেতারা।
