গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ গাজী মণ্ডল (৪৩) নামে এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। আটক গাজী মণ্ডল নদীয়া জেলার মুরুটিয়া থানার গানদিনা গ্রামের জহির উদ্দীন মণ্ডলের ছেলে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি উত্পল রায়ের নেতৃত্বে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে গাজি মন্ডলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭.৬৫ মডেলের দুইটা পিস্তল, একটি ওয়ানশুটার গান চারটি ম্যাগজিন, ৭.৬৫ পিস্তলের ১০ ও ২ রাউন্ড ওয়ানশুটারের গুলি উদ্ধার করা হয়।
র্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি উত্পল কুমার রায় জানান, গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামের বোর্ডারপাড়া এলাকায় আর্ন্তজাতিক ১৪৪ নং সীমান্ত পিলারের পাশ দিয়ে অস্ত্র পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
