গোপালগঞ্জে ট্রাক্টর খাদে পড়ে গেলে তার নীচে চাপা পড়ে চালক নূর আলম সিকদার (২৮) নিহত হন।
শনিবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নূর আলম সিকদার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামের আলমগীর সিকদারের ছেলে।
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির এস. আইরথীন্দ্র নাথ তরফদার জানান, নূর আলম সিকদার ওড়াকান্দি গ্রামে ট্রাক্টর দিয়ে একটি জমি চাষ শেষে অপর একটি জমি চাষ দিতে যাচ্ছিলেন। একটি কালভার্ট অতিক্রম করার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। চালক নূর আলম ট্রাক্টরের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
