দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করবে ‘টেক মাহিন্দ্রা’

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২০:২৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC) টেক মাহিন্দ্রা এর  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সিপি গুরনানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠককালে আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের বর্তমান তথ্যপ্রযুক্তি তথা  ডিজিটাল বাংলাদেশের  অগ্রগতি বিষয়ে তাকে বিস্তারিত অবহিত করেন।

এসময় তিনি গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে আইসিটি খাতে বিনিয়োগকারীদের জন্য হাইটেক পার্ক স্থাপন, আইটি সরঞ্জামাদি আমদানি-রপ্তানির ওপর শুল্ক হ্রাস/প্রত্যাহারসহ গৃহীত বিভিন্ন বিষয়ে  অবহিত করেন।

এছাড়াও, বাংলাদেশে প্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়। দেশের তথ্যপ্রযুক্তি খাতটি দ্রুত ও ক্রমবর্ধমান হিসেবে বিশ্বের কাছে ইতোমধ্যে পরিচয় লাভ করতে সক্ষম হয়েছে। তাই বাংলাদেশে আইসিটি খাতে টেক মাহিন্দ্রাকে বিনিয়োগের অনুরোধ জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আহ্বান ফলপ্রসূ হয়েছে এবং শীঘ্রই প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পলক।

এর আগে, দেশের স্টার্টআপদের বিভিন্ন ধরনের সুবিধা দিতে যুক্তরাষ্ট্র সফরে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নেতৃত্ব দিয়েছেন পলক। এছাড়াও তিনি দেশের স্টার্টআপগুলোকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ পেতে সহায়তা করতে পারে এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সমঝোতা চুক্তি করেছেন।