গোপালগঞ্জে এসিডে ঝলসে দিয়েছে কলেজ ছাত্রীর মুখ

আপডেট : ০৯ মে ২০১৫, ১৫:০৯

গোপালগঞ্জে কলেজ ছাত্রীকে এসিড মেরে  মুখমণ্ডললসহ শরীরের বিভিন্ন  অংশ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

এসিড হামলার শিকার ওই কলেজ ছাত্রীকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।  

এসিড দগ্ধ ওই ছাত্রী বলেন, রাত ৩টার দিকে রথীন ঘোষ (২৫) নামে এক যুবকের নেতৃত্বে  কতিপয় দুর্বৃত্ত ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার শরীরে এসিড নিক্ষেপ করে। এতে তার মুখমণ্ডল, গলা, ডান ও বাম হাতের বেশ কিছু অংশ ঝলসে যায়। এসময় যন্ত্রণায় ছঠফট ও চিৎকার করলে ওই  দুর্বৃত্ত ও তার সঙ্গীরা দৌড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী  ঘোষালকান্দি গ্রামের সুধাংশু ঘোষের ছেলে রথীন ঘোষ তাকে কলেজে যাওয়া আসার পথে উত্যক্ত করছিল।

এসিড হামলার শিকার কলেজ ছাত্রীর মা মমতা বাগচী বলেন, রাত ৩টার দিকে তিনি তার মেয়ের চিৎকার শুনে ঘরের ভিতরে ঢুকে তাকে এসিড দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। শনিবার ভোরে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কৃষ্ণপুর সপ্তদশ পল­ী মহাবিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শেখর চন্দ্র বিশ্বাস জানান, রথীন ঘোষ ওই মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল।এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে একটি সালিশ সভা হয়।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের কনসালটেন্ট ডা. অনুপ কুমার মজুমদার  জানান, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।