পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক (বিপিএম, পিপিএম) বলেছেন, অবৈধ মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাচারকারী চক্রকে গ্রেফতারের জন্য পুলিশের বিভিন্ন ইউনিটের সমম্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই কক্সবাজারে ৩ পাচারকারী নিহত হয়েছে। খুব শিগগিরই মানবপাচার রোধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার বরিশাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি শহীদুল হক আরো বলেন, প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, ভারত ও থাইল্যান্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমন্বিত চেষ্টায় মানবপাচার রোধ করা হবে।
বরিশাল নগরীতে যাত্রার নামে অশ্লীলতা ও জুয়া খেলা আর চলবে না আশ্বাস দিয়ে একেএম শহীদুল হক বলেন, হাইকোর্টের নির্দেশনার অপব্যাখ্যা করে আইনের ফাঁক-ফোকর দিয়ে বরিশালে যাত্রা-জুয়া পরিচালনার বিষয়টি খতিয়ে দেখা হবে। এর আগে পুলিশ কল্যাণ সমিতির সাথে মতবিনিময় সভায় আইজিপি বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ডিআইজি মোঃ হুমায়ুন কবির, পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, জেলা পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জিল্লুর রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
