সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট : ১০ মে ২০১৫, ১০:৫৪
 
সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার ভোরে চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে মাইঝ্যা বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ আলমগীর (৩৫) এবং সদস্য রিপন (৩০) মারা যায়। 
 
ঘটনাস্থল থেকে ১৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১০০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব -৮ সূত্রে জানা গেছে।
 
র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির সকালে ঘটনাস্থল থেকে ইত্তেফাক প্রতিবেদককে বলেন, সুন্দরবনের বনদস্যু মাইঝ্যা ও তার সহযোগীদের নিয়ে সুন্দরবনের নন্দবালা খালে অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে র‌্যাব এর একটি দল সেখানে অভিযানে যায়। বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি শুরু করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ভোর পাঁচটা থেকে পাঁচটা ৪০ মিনিট পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা বনের ভেতর চলে গেলে সেখানে তল্লাশি চালিয়ে দুইজনের গুলিবিদ্ধ লাশ, ১৩টি আগ্নেয়াস্ত্র ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। পরে সুন্দরবনের জেলে ও বাওয়ালীরা এখানে এসে এই দুইজনকে মাইঝ্যা বাহিনীর সদস্য বলে শনাক্ত করে। 
 
তিনি আরও জানান, এই বাহিনীর প্রধান মাইঝ্যা নিজ নামে বাহিনী গঠন করে দলের সদস্যদের নিয়ে গত পাঁচ মাস ধরে পূর্ব সুন্দরবনের চাঁদপাইরেঞ্জের হারবাড়িয়া, ফেয়ারওয়ে বয়া এবং নন্দবালা খাল এলাকায় সুন্দরবনে আসা জেলে, বাওয়ালী ও মৌয়ালদের মুক্তিপণের দাবিতে অপহরণ করে চাঁদা আদায় করে আসছিল। নিহতদের মরদেহ বাগেরহাটের মংলা থানায় নিয়ে আসা হচ্ছে।