ভাঙ্গায় দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০

আপডেট : ১০ মে ২০১৫, ১৪:০৯


ফরিদপুরের ভাঙ্গায় জমি দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরারন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কাওছার মাতুব্বর (২৫), সাহিদা বেগম (৪০), জহুরা খাতুন (৩৮), সুর্য্য বেগম (৩৫), তানিয়া বেগম (২৭), খবির খালশি (৭০), মজিবর খালাশি (৫৫), নিহার বেগম (৫৫) ও ছফেলা বেগমকে (৫০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরারন গ্রামের সোহরাফ খালাশির একটি পরিত্যক্ত জমির উপর একই গ্রামের খবিরউদ্দিন তার লোকজনকে নিয়ে ঘর তুলতে যায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হয়। দফায় দফায় চলা এই সংঘর্ষের সময় একাধিক বসত ঘর ভাংচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার পর থেকে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।