ছিটমহলবাসীরা শিগগিরই নাগরিকত্ব লাভের সুবিধা পাবে: পংকজ শরন

আপডেট : ১০ মে ২০১৫, ১৪:৩৫
 
ভারতের হাইকমিশনার পংকজ শরন বলেছেন, ‘ভারতের লোকসভায় স্থল-সীমান্ত বিল পাস হওয়ায় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হলো। যে দেশের অভ্যন্তরে যে ছিটমহল রয়েছে ১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ছিটমহলবাসীরা শিগগিরই সে দেশের নাগরিকত্ব লাভের সুবিধা পাবে।’
 
রবিবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া ছিটমহলের কালিরহাট বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে ছিটমহলবাসীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

পংকজ শরন বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের দাসিয়ার ছড়া ছিটমহলটি হলো সবচেয়ে বড়। এ জন্যই আমি প্রথমেই এখানে এসেছি। পর্যায়ক্রমে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলার অভ্যন্তরে থাকা ছিটগুলোতেও একইভাবে মতবিনিময় করা হবে। আপনাদের সুযোগ সুবিধার কথা শুনলাম সে কথা উচ্চপর্যায়ে অবহিত করব।’