নারায়ণগঞ্জ ক্লাবের ১২৫ বছর পূর্তিতে শোভাযাত্রা

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ০০:০৬

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সোমবার সকালে শহরে বিশাল রাজকীয় শোভাযাত্রা বের হয়। নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণ থেকে ব্রিটিশ আমলের সমসাময়িক চিত্র, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার আমল এবং তত্কালীন ইউরোপিয়ান ক্লাব থেকে রূপান্তরিত বর্তমান নারায়ণগঞ্জ ক্লাবের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে হাতি, ঘোড়া ও বাদ্য-বাজনাসহকারে ক্লাবের ৫ শতাধিক সদস্য এই রাজকীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে রাস্তার দুইপাশের শত শত জনতা তাদের স্বাগত জানায়।

নারায়ণগঞ্জ ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব গ্রীন লনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কুমার বিশ্বজিত্ ও ফাহমিদা নবী। আগামী বৃহস্পতিবার সংগীত পরিবেশন করবেন রিংকু। এছাড়া শুক্রবার রাতে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে সংগীত পরিবেশন করবেন ভারতের খ্যাতিমান সংগীত শিল্পী সুনিধী চৌহান। অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে ফিরোজ আলমকে চেয়ারম্যান করে ২৭ সদস্য বিশিষ্ট ‘নারায়ণগঞ্জ ক্লাব সোয়াশত বছর উদযাপন কমিটি’ গঠন করা হয়।

গতকাল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ, ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির চেয়ারম্যান ফিরোজ আলম, উপদেষ্টা একেএম সেলিম ওসমান প্রমুখ।