কেন্দ্রীয় চুক্তিতে নেই ইমরান তাহির

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২১:১৭

ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন দলের শীর্ষ স্পিনার ইমরান তাহির। কেবলমাত্র তাহির নয়, সিএসএ ঘোষিত ২০১৯/২০ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন দলের অপর দুই তারকা খেলোয়াড় অলরাউন্ডার জেপি ডুমিনি এবং ক্রিস মরিসও। আগামী  মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাহির এবং ডুমিনি দক্ষিণ আফ্রিকা দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় এখন তাদের আশা ভঙ্গ হতে পারে। টুর্নামেন্টের সময় পাকিস্তানে জন্মগ্রহণ করা তাহিরের বয়স হবে ৪০ বছর। তবে তিনি দক্ষিণ আফ্রিকা দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সীমিত ওভারের ক্রিকেটে সবচেয়ে কার্যকর স্পিনারদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়। ডুমিনি সামপ্রতিক সময়ে কাঁধের ইনজুরিতে ভুগছেন এবং গত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে গতকাল ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দাবি জোরদার করেছেন।