বর্তমান সময় ছিট মহলবাসীর জন্য ঐতিহাসিক মুহূর্ত

ছিটমহল হস্তান্তরের আনন্দ যেন বিষাদে পরিণত না হয়: ভারতীয় হাই কমিশনার

আপডেট : ১০ মে ২০১৫, ১৯:০৯
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ স্মরণ ছিটমহলবাসীর উদ্দেশ্যে বলেছেন, বর্তমান সময় ছিট মহলবাসীর জন্য ঐতিহাসিক মুহূর্ত। সবাই এখন নতুন জীবনের জন্য উদগ্রীব হয়ে আছেন। এই আনন্দ যেন কোন অশুভ চক্রের প্রভাবে বিষাদে পরিণত না হয় সে জন্য তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
 
রবিবার দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভারতের সাহেবগঞ্জ সীমান্ত ঘেষা বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সাহেবগঞ্জ ছিট মহলবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
 
এ সময় তার সাথে ডেপুটি হাই কমিশনার সন্দীপ মিত্রা, ফাস্ট সেক্রেটারি সুমিত্র, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার এজেএম এরশাদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।
 
তিনি বলেন, ছিটমহলবাসী দীর্ঘকাল থেকে অনেক কষ্ট, লাঞ্চনা ও দুঃখ সহ্য করেছে। এখন থেকে তাদের আর কোন কষ্ট করতে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
 
তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকারের আন্তরিকতা ও সহযোগিতার কারণেই ভারতে ছিলমহল হস্তান্তরের বিলটি পাশ হয়েছে।
 
তিনি আরো বলেন, বন্ধু প্রতীম দেশ দুটির একসাথে থাকতে হবে এবং একে অপরকে সহযোগিতার ভিত্তিতে সকল সমস্যার সমাধান করতে হবে। এ জন্য তিনি উভয় দেশের জনগণের সহযোগিতা, ধৈর্য ও সহনশীলতা প্রয়োজন বলে দাবি করেন।
 
উল্লেখ্য, ভুরুঙ্গামারী উপজেলা ঘেষা ভারতের অভ্যন্তরে ২০০৮.৫৩ একর আয়তনের ১৫টি বাংলাদেশি ছিটমহল এবং বাংলাদেশের অভ্যন্তরে ২২০.৩৯ একর আয়তনের ভারতের ১০টি ছিটমহল রয়েছে।