মুরাদনগরকে পৌরসভা ঘোষণার দাবিতে এলাকাবাসী

আপডেট : ১০ মে ২০১৫, ১৭:২৭
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরকে অবিলম্বে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন করা হয়। এতে মুরাদনগরের কয়েকশ’ নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবু ঐশিনী কুমার দেবনাথ, স্বপন কুমার সাহা, কৃষকলীগ নেতা পার্থ সারথী দত্ত, খাইরুল আলম সাধন, তরিকুল ইসলাম দিপু, আবদুর রহিম সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোর্শেদ খান, আক্তার হোসেন মেম্বার, ছাত্রলীগ নেতা রুহুল আমিন, সোহরাব হোসেন বেলাল প্রমুখ।
 
বক্তারা বলেন, গত ২০০০ সালে দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন উপজেলা মুরাদনগরে পৌরসভা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হলেও একটি মহলের বিরোধীতার কারণে এতদিন সরকারের এ উদ্যোগ বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় এমপি আলহাজ ইউছুফ আবদুল্লাহ হারুন পুনরায় পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগ নিলে ওই মহলটি আবারো সক্রিয় হয়ে এর বিরোধীতা করছে। সব বিবাদ মিটিয়ে অবিলম্বে এলাকার উন্নয়নের স্বার্থে মুরাদনগরকে পৌরসভা ঘোষণার দাবি জানান তারা।