শিশু অপহরণ: ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট : ১০ মে ২০১৫, ১৯:০১
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তুহিন নামের সাত বছরের এক শিশুকে অপহরণের পর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে অপহরণ করা হয়। রবিবার সন্ধ্যা পর্যন্ত তার কোন সন্ধান দিতে পারেনি পুলিশ।
 
তুহিন উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের নাসিরউদ্দিনের ছেলে। নাসিরউদ্দিন স্থানীয় একটি বাজারের দন্ত চিকিৎসক।
 
নাসিরউদ্দিন জানান, শনিবার বিকেলে বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল তুহিন। এ সময় কয়েকজন লোক মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়। এরপর রবিবার সকালে অপহরণকারীরা মোবাইল ফোনে নাসিরউদ্দিনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনা থানায় জানানো হয়েছে।
 
তবে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, কেউ এমন অভিযোগ নিয়ে আসেনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।