সিলেট-আখাউড়া রেলপথে সিলেটমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি চলন্ত অবস্থায় পিছন থেকে ছুটে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে থেমেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ছুটে যাওয়া চারটি বগি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে। রবিবার সন্ধ্যা সোয়া ছয়টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সোয়া ছয়টায় শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে আসে। শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় প্রবেশকালে আকস্মিকভাবে বগির সংযুক্তি থেকে ছিটকে পিছনের চারটি বগি ছুটে যায়। বগিগুলো প্রায় পাঁচ কিলোমিটার পিছনের দিকে এসে শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করে থেমে যায়। ট্রেনের বগিতে যাত্রীদের চিৎকার শুনে চালক বিষয়টি বুঝতে পেরে আবার পিছনের দিকে ফিরে শ্রীমঙ্গল স্টেশনে চলে যায়।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছুটে যাওয়া চারটি বগি ধীরে ধীরে পিছনের দিকে যেয়ে একটি স্থানে থেমে গেছে বলে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।’
তিনি আরো বলেন, ‘দুটি বগির সংযুক্তিস্থল থেকে কিভাবে চারটি বগি ছুটে গেছে তাৎক্ষণিকভাবে তা বোঝা যায়নি। তবে তদন্ত করে জানা যাবে।’’
