মনিকার বিশ্বমানের গোল

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২১:১৯

এএফসি অনূর্ধ্ব—১৬ ফুটবলের গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েরা উজ্জ্বলতা ছড়িয়েছে। ফিলিপাইনকে উড়িয়ে দিয়ে হারিয়েছে মিয়ানমারকেও। ফিলিপাইনকে ১০ গোলে হারালেও মনিকা চাকমার ভাগ নেই তাতে। তবে গোল করিয়েছিলেন। তাতে দুঃখ নেই এই মিডফিল্ডারের। কারণ তার একমাত্র গোলেই  মিয়ানমারকে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ।

মনিকার এ গোলটি ছিল ছবির মতোই। বিশ্বমানের গোল। কর্নার করেছেন মনিকা। বাঁক খাওয়ানো কর্নার। সেই কর্নারের বল রংধনুর মতো বাঁক খেয়ে মিয়ানমারের গোলকিপারের হাতে স্পর্শ করে গোল হয়। কর্নারের বলে এমন গোল সচরাচর কম হয়।

মিডফিল্ডারটি কিভাবে এমন অসাধ্য সাধন করলেন তা দেখে মাঠের দর্শকরা অবাক হলেও বিস্মিত হননি কোচ গোলাম রাব্বানী ছোটন। কারণ মনিকা অনুশীলন মাঠে এমন দৃষ্টি নন্দন কর্নার করেছেন বহুবার। এখন তার এই এক গোলের জাদুতেই বাংলাদেশ এশিয়ার সেরা ছয় দেশের অন্যতম।  

ফুটবল মাঠে দুর্দান্ত মনিকা। সারাক্ষণ মাঠে দৌড়ান। বাম পায়ে বল রিসিভ করেন। বাম পায়ে ক্রস ফেলেন। বল না পেলে চারদিকে বলের জন্য ছুটোছুটি করেন। খুবই পরিশ্রমী। মনিকার লড়াকু মেজাজের কথা সবার জানা।

অথচ এই মেয়েটি মাঠের বাইরে সম্পূর্ণ লাজুক স্বভাবের। দেশের ফুটবলে দাপিয়ে বেড়ানো মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ির লক্ষ্মীচরে। বাবা বিন্দু কুমার, মা রবি মালা। পাঁচ মেয়ের মধ্যে সবার ছোট মনিকা। পরিবারের অপছন্দের বাইরে গিয়ে ফুটবল খেলতেন। সেই মনিকা এখন দেশের অন্যতম সেরা খেলোয়াড়। ২০১৭ সলে এই একই টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন।