ঝিনাইদহ শহরের সরকারি কেসি কলেজের পাশে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে মুসলিমা খাতুন নামে এক কলেজ ছাত্রী মারা গেছেন। রবিবার বিকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তিনি সরকারি কেসি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ও শৈলকুপা উপজেলার নাকোল গ্রামের মশিউর রহমানের মেয়ে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ছাত্রীটি কেসি কলেজের সামনে থেকে ইজিবাইকে করে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। কিছুদূর আসার পর চাকার সাথে ওড়না পেঁচিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন মুসলিমা। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
