বিএনপি পুনর্গঠনের পর আন্দোলন : হান্নান শাহ

আপডেট : ১০ মে ২০১৫, ২০:৪৯
 
দলকে পুনর্গঠনের মাধ্যমে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পর সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলনে যাবে’ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
 
তিনি বলেন, বিএনপির ঢাকা মহানগরসহ সারাদেশের কমিটি পুনর্গঠন করা হবে। পুনর্গঠনের এই প্রক্রিয়া চলছে। স্বল্প সময়ের মধ্যেই দল পুনর্গঠন করা হবে। সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য সংগঠনগুলোকে শক্তিশালী করার জন্য এই পুনর্গঠন প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।
 
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রবিবার বিকেলে শ্রমিক দলের মে দিবস ও ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
 
দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম প্রমুখ।
 
সরকারকে উদ্দেশ করে হান্নান শাহ বলেন, গণতান্ত্রিক ভাষায় বলতে চাই, যদি মুরোদ থাকে তাহলে এক থেকে তিনমাসের মধ্যে গণভোট দিন। তখন দেখা যাবে আপনাদের জনপ্রিয়তা আছে কি নেই। তিনি বলেন, জনগণের দাবি আদায়ে ইতিমধ্যে অনেক মানুষের প্রানগেছে। দেড় লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন। বহু নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে। এ সব নেতাকর্মীর মুক্তি দিয়ে দেশের সমস্যা সমাধানের জন্য সমঝোতা ও সংলাপের ব্যবস্থা করতে হবে।
 
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, এখনো সময় আছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সংলাপে বসুন। কারণ,জনগণ রাস্তায় নামলে আপনাদের অস্তিত্ব খুঁজে পাবেন না। তবে সংলাপের একটি শর্ত রয়েছে- বিএনপির শীর্ষ বন্দী নেতাদের মুক্তি দিতে হবে। তাই সময় থাকতে সাবধান হোন, দেশে শান্তি ফিরিয়ে আনুন।
 
তিনি বলেন, ক্ষমতাসীনরা মুখে শুধু ডিজিটালের কথা বলেন। তাই আমরা ডিজিটাল পদ্ধতিতে সরকার কতটা অমানবিক, অগণতান্ত্রিক সেগুলো লিপিবদ্ধ করে রাখছি। সময় হলেই এগুলো তাদের ফেরত দেয়া হবে। একইসঙ্গে তিনি বলেন, এই জনবিরোধী সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না।
 
 সরকারকে উদ্দেশ করে তিনি আরো বলেন, সময় হয়েছে আন্দোলনের। এখন শুধু ডাকের অপেক্ষা। আন্দোলনের ডাক আসলে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। হান্নান শাহ বলেন,বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের গুম ও খুন করার জন্য বিদেশ থেকে প্রশাসনের একটি বাহিনীকে ট্রেনিং করিয়ে আনা হয়েছে। তারাই মূলত গুম ও খুন করছে।