মাত্র তিনদিন আগে জাতীয় ক্রিকেট কোচ সৈয়দ আলতাফ হোসেনের মৃত্যুর শোক ক্রীড়াঙ্গনে ঢেকে গিয়েছিল। তারই রেশ না কাটতে আরেকটি মৃত্যু সংবাদ দেশের ক্রীড়াঙ্গনে সবাইকে শোকে ভাসিয়ে দিল। এবার জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় এবং কোচ মোঃ মহসিন চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘদিন অসুস্থ জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় মহসিন (৭১) গতকাল ভোর সাড়ে ৪টায় চিকিত্সাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)।
গতকাল দুপুরে শংকরে প্রথম এবং আবাহনী টেন্টে দ্বিতীয় নামাজে জানাজা হয়। আবাহনীতে জানাজায় ছিলেন দেশের সাবেক হকি ফুটবল খেলোয়াড়রা। হারুনুর রশিদ, আব্দুস সাদেক, টুটুল, গাফফার, জাহাঙ্গীর আলম, সাজিদ আদেল, কাজী আব্দুল হাকিম, আসাদুজ্জামান বাদশা সহ অনেকেই ছিলেন সেখানে। আবাহনীর পতাকা দিয়ে কফিন ঢেকে দেওয়া হয়। দলের পতাকা অর্ধনমিত রাখা হয়। মহসিনকে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে।
১৯৬৭ ও ৬৮ সালে পূর্ব পাকিস্তান হকি একাদশে খেলেন মহসিন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু পান। ৭৮ সালে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেন। ৮৫ সালে ঢাকায় দ্বিতীয় এশিয়া কাপে বাংলাদেশ দলের কোচ ছিলেন। মহসিনের পরিবারকে বলা হয় হকির পরিবার। বড় ভাই নাইম, ছোট ভাই এহসান নাম্মি ছিলেন তারকা খেলোয়াড়। নাম্মি জাতীয় হকি দলকে নেতৃত্ব দেন। আবাহনীর অধিনায়কও ছিলেন তিনি। তা ছাড়া হকির জনপ্রিয় খেলোয়াড় আয়েশ, কায়েস, লুলু, চপল ও টুহু মহসিনের আপন মামাত ভাই। মহসিন পূর্ব পাকিস্তান ছাড়াও বাংলাদেশ জাতীয় দলে খেলেন। ৭২ থেকে ৮০ সাল পর্যন্ত আবাহনীতে হকি ও ফুটবল খেলেছেন। খেলোয়াড়ী জীবন ছেড়ে একসময় দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন মহসিন।
