রজার ফেদেরার দুবাই চ্যাম্পিয়নশিপ টেনিসের সেমিফাইনালে বরনা করিচকে হারিয়ে ক্যারিয়ারের শততম শিরোপা জয়ের আরেকটু কাছে চলে এসেছেন।
জিমি কনর্সের পর প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে শততম শিরোপা জয়ের হাতছানি নিয়ে দুবাইতে আসা ফেদেরার শুক্রবার শেষ চারের লড়াইয়ে ক্রোয়াট টেনিস খেলোয়াড় করিচকে কোনো সুযোগই দেননি। শুরু থেকেই প্রতিপক্ষকে কোণঠাসা করে মাত্র ৬৭ মিনিটেই ৬-২, ৬-২ গেমে জিতে নেন ম্যাচটি। শেষ চারের অন্য লড়াইয়ে ফরাসি গায়েল মনফিলসকে ৪-৬, ৭-৬, ৭-৬ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন স্টেফানোস সিটসিপাস। গত রাতে চূড়ান্ত লড়াইয়ে গ্রীক খেলোয়াড় সিটসিপাসের মুখোমুখি হওয়ার কথা ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ীর। জিতে থাকলে ইতোমধ্যেই ইতিহাস গড়া হয়ে গেছে সুইস তারকা ‘ফেডেক্স’-এর। শেষ চারের লড়াইটি শেষ করার পর নিজের নৈপুণ্যে সন্তুষ্টি প্রকাশ করে ফেদেরার বলেন, ‘আমি মনে করি বৈচিত্র্য আনাটা জরুরি ছিলো। তাকে খুব বেশি সুযোগ না দেয়া এবং তাকে এটা বুঝানো যে জয় পাওয়াটা খুব কঠিনই হতে যাচ্ছে তার জন্য। দিনশেষে আমি সত্যিই খুব ভালো খেলেছি। আমি খুবই সন্তুষ্ট।’
