বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পংকজ শরন বলেছেন, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ছিটমলবাসীরা শিগগিরই নাগরিকত্ব লাভের সুবিধা পাবেন। ভারতের লোকসভায় স্থল সীমান্ত চুক্তি বিলটি পাস হওয়ায় দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ছিটমহলবাসী এখন থেকে নতুন জীবন শুরু করবে। আমার বিশ্বাস শান্তিপূর্ণভাবে দু’দেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন সম্ভব হবে।
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ভারতের সাহেবগঞ্জ সীমান্ত ঘেঁষা বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সাহেবগঞ্জ ছিটমহলবাসীর সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, এসময়টি ছিটমহলবাসীর জন্য ঐতিহাসিক মুহূর্ত। সবাই নতুন জীবনের জন্য উদগ্রীব হয়ে আছেন। এই আনন্দ যেন কোন অশুভ চক্রের প্রভাবে বিষাদে পরিণত না হয়। তিনি আরো বলেন, ছিটমহলবাসী দীর্ঘকাল থেকে অনেক কষ্ট, লাঞ্ছনা ও দুঃখ সহ্য করেছে। এখন থেকে আর তাদের কষ্ট সহ্য করতে হবে না। ছোট ছোট শিশুরা উজ্জ্বল ভবিষ্যত্ লাভ করতে পারবে। তিনি এসময় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশ সবচেয়ে নিকটতম বন্ধু প্রতীম দু’টি দেশ। সবসময় একসাথে থাকতে হবে এবং সকল সমস্যার সমাধান একসাথে করতে হবে।
