‘কেপার ঘটনায় লাভবান চেলসি’

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২১:২৩

চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে ফুলহ্যামের মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচের আগে দলটির কোচ মাওরিজিও সারি জানালেন, গোলরক্ষক কেপা আরিজাবালাগার ঘটনাটি একতাবদ্ধ হতে সাহায্য করেছে দলকে।

গত রবিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইএফএল কাপের ফাইনালে মূল সময়ের পর অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটের আগে কেপাকে তুলে উইলি ক্যাবায়েরোকে নামাতে চেয়েছিলেন সারি। কিন্তু তার সিদ্ধান্ত অমান্য করেই মাঠে থেকে যান কেপা। পরে পেনাল্টিতে চেলসিকে হারিয়ে শিরোপা রক্ষা করে সিটি। ব্যাপারটির জন্য কেপা ক্ষমা চাইলেও জরিমানা গুনতে হয় তাকে।

সে ম্যাচের পরেই প্রিমিয়ার লিগে টটেনহ্যামের মুখোমুখি হয় চেলসি। সে ম্যাচে ২-০ গোলের দুর্দান্ত এক জয় তুলে নেয় সারির শিষ্যরা।

সারি সমপ্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কেপার ঘটনাটি দিন শেষে দলের উপর ইতিবাচক প্রভাবই ফেলেছে। তিনি বলেন, ‘যখন কোনো বাজে মুহূর্ত আসে তখন তা সবার জন্যেই আসে। তা থেকে বেরিয়ে আসতে পারাটা সবসময়ই ভিন্ন কিছু। ভালো কিংবা খারাপ। আমি মনেকরি, এ মুহূর্তটি থেকে ভালোভাবেই বেরিয়ে এসেছি আমরা।’

সারি মনে করেন সেই ঘটনার পর থেকে একটি দল হিসেবেই সব প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিলেন খেলোয়াড়রা। ইতালীয় কোচের ভাষায়, ‘কারণ, খেলোয়াড়দের জন্য এটা আরও বেশি একতাবদ্ধ হওয়ার এক অভূতপূর্ব অভিজ্ঞতা ছিল। আমার জন্যেও এটা তেমনই এক অভিজ্ঞতা হয়েছিল, কেননা তা খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে একতাবদ্ধ হতে সাহায্য করেছে আমাকে।’

মাঠ থেকে উঠে আসতে কেপার অস্বীকৃতির পর সারির তাত্ক্ষণিক প্রতিক্রিয়া বিরূপ হলেও চেলসি কোচ জানান খুব শীঘ্রই মাথা ঠান্ডা করে সাইডলাইনে ফেরেন তিনি। সারি বলেন, ‘মনকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে মাত্র ৩০ সেকেন্ড সময় নিয়েছিলাম আমি, এর বেশি নয়। কিন্তু আমি শেষ তিন ম্যাচ নিয়ে খুশিই কেননা আমরা বেশ ভালো খেলেছি।’

তবে এখনো দলের ধারাবাহিকতা নিয়ে সন্তুষ্ট নন সারি। তিনি বলেন, ‘আমাদের খেলায় এখনো ধারাবাহিকতা আসেনি। ভালো খেলাটা চালিয়ে যেতে হবে আমাদের, বিশেষ করে শেষ তিন ম্যাচের পারফর্মেন্সটা ধরে রাখতে হবে আমাদের। ফলাফলটা তার প্রতিদান হিসেবেই আসবে। কখনো কখনো হয়তো আসবে না কিন্তু ৯৫ ভাগ সময়ে ফলাফল ইতিবাচকই হয়ে থাকে।’