কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি।
রবিবার রাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে একটি গাড়ি থেকে দুই হাজার পিস ইয়াবাসহ দুইজন এবং সোমবার সকালে নাফ নদী সংলগ্ন আলোগুলার প্রজেক্ট এলাকা থেকে প্রায় সাড়ে ১১ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিজিবির একটি দল নাফ নদীর আড়াই নং সুইচ গেইট সংলগ্ন আলোগুলার প্রজেক্ট নামক এলাকায় অভিযানে যায়। সেখান থেকে ১১ হাজার ৫৭৮ পিস ইয়াবাসহ মো. ইব্রাহীম (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবার দাম ৩৪ লাখ টাকারও বেশি। ইয়াবাসহ আটক ইব্রাহীমকে থানায় হস্তান্তর করা হবে।
অপরদিকে, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, রবিবার রাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনের সড়কে কক্সবাজারগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা আটক করা হয়। এসময় আমির হোসেন (৩৮) ও রুবেল (২৩) নামে দুই জনকে আটক করা হয়।
তিনি জানান, উদ্ধার ইয়াবার দাম প্রায় ৬ লাখ টাকা। রাতেই ইয়াবাসহ আটক দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।
