মুক্তিযোদ্ধা ফয়েজ আহম্মদ স্মৃতি ফুটবলে বিএসএনএফ চ্যাম্পিয়ন
g ছাগলনাইয়া সংবাদদাতা
বীর মুক্তিযোদ্ধা মরহুম ফয়েজ আহম্মদ (বি.এ) স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গত শুক্রবার রাতে বাঁশপাড়া সোশ্যাল নেটওয়ার্কিং ফোরাম (বিএসএনএফ) ২-১ গোলে জয়পুর অভিযান সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। স্থানীয় বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা।
বাগেরহাটে বিকেএসপির খেলোয়াড় বাছাই শুরু
g বাগেরহাট প্রতিনিধি
বিকেএসপি’র ব্যবস্থাপনায় ‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্যক্রমের’ আওতায় বাগেরহাটে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি শুরু হয়েছে। দিনব্যাপী এই বাছাইয়ে জেলার নয় উপজেলার আট থেকে ১৪ বছর বয়সী প্রায় ৩০০ বালক-বালিকা অংশ নেয়। বিকেএসপির ১১ জন প্রশিক্ষক ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি, এ্যাথলেটিক্স, আর্চারি, বাস্কেটবল, জুডো, কারাত, শুটিং, টেবিল টেনিস, বক্সিং, সাঁতারসহ বিভিন্ন বিষয় ভর্তি হতে ইচ্ছুক খেলোয়ারদের বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
১৯তম আন্তঃ কাস্টমস ক্লাব অ্যাথলেটিক্স
চট্টগ্রাম কাস্টমস হাউজ চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম কাস্টমস হাউজ ১৯তম আন্তঃ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্লাব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রামের সাগরিকার কাস্টমস ট্রেনিং একাডেমী মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সর্বাধিক পদক জিতে এ কৃতিত্ব দেখায় চট্টগ্রামের ক্লাবটি। দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টির মতো কাস্টমস ক্লাবের তিন শতাধিক প্রতিযোগী এ মিলন মেলায় অংশ নেন। অ্যাথলেটিক্সের পাশাপাশি ভলিবল ও টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভলিবলে ঢাকা পশ্চিমের এক্সাইজ ও ভ্যাট ক্লাব ৩-১ সেটে চট্টগ্রাম এক্সাইজ ভ্যাট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩৩টি দল। এছাড়া টেনিস প্রতিযোগিতায় মংলা কাস্টমস হাউজের নূরুল আমিন ও প্রণয় চাকমা চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম এক্সাইজ ভ্যাট ক্লাবের সৈয়দ গোলাম কিবরিয়া ও কামরুজ্জামান হন রানার-আপ।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভুঁইয়া, কাস্টমস ক্রীড়া পরিষদের সভাপতি খন্দকার আমিনুর রহমান, সাধারণ সম্পাদক জামাল হোসেন ও সাংগঠনিক কমিটির সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া প্রমুখ।
