গাজীপুরের মেয়র মান্নান রিমান্ড শেষে জেল হাজতে

আপডেট : ১১ মে ২০১৫, ১৯:২৬
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানের জামিন আবেদন ফের নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। একদিনের রিমান্ড শেষে সোমবার পুলিশ মেয়র মান্নানকে আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন।
 
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, অবরোধে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় জয়দেবপুর থানার একটি মামলায় একদিনের পুলিশী রিমান্ড শেষে সোমবার দুপুরে মেয়র অধ্যাপক এমএ মান্নানকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিকে এমএ মান্নানের আইনজীবী জামিন চেয়ে আদালতে আবেদন করেন। আদালতের বিচারক ফারজানা খান শুনানি শেষে  জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
বিকাল তিনটার দিকে তাকে পুনরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার নেওয়া হয়।
 
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতারের মেয়রের নামে তিনটি মামলা ছিল। দু’টি মামলায় তিনি জামিনে ছিলেন। পরে তাকে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানার আরো ছয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়। ২৭ ডিসেম্বরে করা একটি মামলায় পুলিশ ইতিমধ্যে মেয়রকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে। মঙ্গলবার চার্জশির্টের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।